আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিকে নিয়ে গড়ে ওঠা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না। কারণ এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এ জোট টিকবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘দ?লের দুঃসম?য়ে যারা দ?লের জন্য কাজ ক?রে?ছেন, ত্যাগ স্বীকার করেছেন, সংরক্ষিত নারী আসনে সেই ত্যাগী নেতাকর্মীদের বেশি মূল্যায়ন করা হবে।’ সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।’
এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আমাদের রাজনীতির অভিজ্ঞতা থেকে দেখেছি, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টেকারই কথা। তাছাড়া যেখানে বিএনপিতে ভাঙার সুর ধরেছে সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য টেকসই হয় না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে আনতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে গুরুত্ব দিলে বিএনপি উপজেলা নির্বাচনে নিজে থেকেই আসবে। জাতীয় নির্বাচনে যেমন তারা এসেছে, সেভাবেই আসবে। জাতীয় নির্বাচনে বিএনপিকে ডেকে আনা হয়নি, উপজেলা নির্বাচনেও হবে না।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
