কামারখন্দে অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৭:১১

সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল-কড্ডা ও জামতৈল-সিরাজগঞ্জ রেলগেট রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। 

যাত্রীরা অভিযোগ করে বলেন, সিরাজগঞ্জ টেম্পো ও অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে জামতৈল-কড্ডা রুটে ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও প্রায় সময়ই ১০ টাকার জায়গায় ২০ থেকে ৩০ টাকা এবং জামতৈল-সিরাজগঞ্জ রেলগেট রুটে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও অনেক সময় ৪০ থেকে ৫০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়াও এই রুটে চলাচলকারী অধিকাংশ সিএনজি চালিত অটোরিকশার লাইসেন্স এমনকি চালকদেরও ড্রাইভিং লাইসেন্স নেই। 

সিরাজগঞ্জ টেম্পো ও অটোরিকশা মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ জানান, জামতৈল-কড্ডা রুটে ১০ টাকা জামতৈল-সিরাজগঞ্জ রেলগেট রুটে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোনো চালক যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে সেটা অবৈধ। 

আরো পড়ুন: রাষ্ট্রপতির ক্ষমায় ফাঁসির দণ্ড থেকে মুক্ত হয়ে মামলার বাদি-সাক্ষীদের হুমকির অভিযোগ

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এস এম হুদা জানান, অবৈধ গাড়ির বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান হয়। অভিযানে প্রচুর গাড়ি আটক হচ্ছে এবং মামলা হচ্ছে।

ইত্তেফাক/এসি