পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় তরুণ সাংবাদিকের মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:৫৮

বরগুনার পাথরঘাটায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ির চাপায় এক তরুণ সাংবাদিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাকচিড়া বাইচটকি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ ওই সাংবাদিকের নাম মোস্তাফিজুর রহমান জিতু (২৭)। তিনি দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত জিতু উপজেলার বাইনচটকি এলাকার এলাকার সাবেক ইউপি সদস্য সোলাইমান কবির শাহিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে বিপরীত দিক থেকে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রিজন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জিতু।  পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বরগুনা-পাথরঘাটা সড়ক অবরুদ্ধ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রিজন ভ্যান ভাঙচুর করে চালক মিজানুর রহমান ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চার সদস্যকে বাইনচটকি স্কুলে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

আরো পড়ুন: স্বপ্নগুলো পড়ে থাকলো রেললাইনের ওপরেই

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসি