নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৯:৫০

অনুশীলন ডেস্ক: দশ বছরের পরিবেশ আন্দোলনের ধারাবাহিকতায় এবছরও নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব আয়োজন করেছে ১১তম জাতীয় ন্যাচার সামিট-২০২০। এবারই প্রথম নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব হাইব্রিড অর্থাত্ অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমের সংমিশ্রণে এই সম্মেলনের আয়োজন করা হয়। গত ১৮ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর এ সম্মেলন শেষ হয়। অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী এই সম্মেলনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ১৮ ডিসেম্বর প্রথম দিন সকাল ১১টায় এই জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের সহকারী সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা খাদিজা মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক বন সংরক্ষক ড. তপন কুমার দে। আরও উপস্থিত ছিলেন দেশ-বিদেশের অনেক অতিথি শিক্ষক ও কলেজ অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও সিএসসি। ওপেন কুইজ, নেচার স্টাডিজ, গ্রিন বী ও দ্বিতীয় দিনে গ্রিন জার্নালিজম ওয়ার্কসপসহ নানা সৃজনশীল ইভেন্টে পরিপূর্ণ ছিল এ উত্সব।  করোনা মহামারিতে শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তোলার জন্য দুইদিনব্যাপী এ উত্সবের আয়োজন করা হয়।