হাবিবুর রহমান খান, ফেনী প্রতিনিধি
সাথী ফসল হিসেবে সরিষা চাষ করে ভালো ফলন ও দাম পেয়ে ফেনীর কৃষকদের মুখে হাসি ফুটেছে। সদর উপজেলার উত্তর কাশিমপুর, সোনাগাজীর আমিরাবাদ ও ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, হলুদে ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ২০০ একর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর তথ্যমতে, এই মৌসুমে জেলার ছয় উপজেলায় ৩ হাজার ৫২০ একর জমিতে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, ৯ ও ১৭ চাষ করে ১ হাজার ৮৬৪ মেট্রিক টনের বেশি উত্পাদন হয়েছে। এবছর ৪ হাজার ২০০ একর জমিতে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫ ও বারি সরিষা-১৭ চাষ করা হয়েছে। আশা করা হচ্ছে, প্রতি একরে সরিষা উত্পন্ন হবে জাতভেদে ৪০০ থেকে ৪৫০ কেজি। বাজারে প্রতিকেজি বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকা। সরিষা ভাঙলে প্রতি একরে তেল আসে ৪০ থেকে ৪৫ কেজি। প্রতিকেজি সরিষার তেল বাজারে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়।
সদর উপজেলার উত্তর কাশিমপুর এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, তিনি এক একর আট শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন। ৬৬ শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন। ফলনও হয়েছে প্রচুর।
ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের চাষি রহিম উদ্দিন জানান, এ বছর ৯০ শতাংশ জমিতে তিনি সরিষা চাষ করেছেন। এবার ৩৬০ থেকে ৩৭০ কেজি সরিষা পাবেন বলে তিনি আশাবাদী।
উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন ভৌমিক জানান, বারি সরিষা-১৪ চাষ করতে প্রতি একরে চাষ, বীজ, সার-ওষুধ ও সেচে কৃষকের সর্বোচ্চ ব্যয় হয় ১০ হাজার টাকা। আর উত্পাদন হয় ৬০০ কেজি, যার বাজারমূল্য ৪৮-৫০ হাজার টাকা। আমন ও আউশের মধ্যবর্তী সময়ে কম খরচে বাড়তি আয়ের জন্য কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে এবং এ বছর তারা সরিষা চাষে বাম্পার ফলন পেয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, সরিষা চাষে কৃষকদের উত্সাহিত করার জন্য বারি সরিষা-১৪, ১৫ ও ১৭ জাতের ৪০টি প্রদর্শনী ও ৬০০ কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার দেওয়া হয়েছে।
