স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
জরাজীর্ণ ভবনে চলছে স্বরূপকাঠির কৌরিখাড়া সাব ডাকঘরের কার্যক্রম। সংস্কারের অভাবে এ ডাকঘরটি দিনে দিনে ঘুপড়ি ঘরে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, ডাকঘরের সামনের বারান্দার অস্তিত্ব এখন আর নেই। ব্রিটিশ আমলে নির্মিত সাব ডাকঘরটির বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে। দরজা, জানালাও ভাঙা। গ্রাহকদের টাকা-পয়সাসহ ডাকটিকিট সংরক্ষণে নেই কোনো স্ট্রং রুম। ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার মো. সবুর তালুকদার জানান, পোস্ট মাস্টার ও পোস্টম্যানের পদ শূন্য রয়েছে। এছাড়া জরাজীর্ণ ভবনের কারণে প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
