ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক
এম এইচ আরমান চৌধুরী, চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
চকরিয়া উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে জেব্রা দম্পতি সুমন ও সুমানার ঘরে এসেছে নতুন অতিথি। অবশ্য পার্কের বেষ্টনীতে সুমনের দ্বিতীয় ঘরণী আছে আরো একজন। তার নাম চম্পা। এখনো চম্পার ঘরে আসেনি কোনো অতিথি। শনিবার ভোরে পার্কের বেষ্টনীতে জন্ম হয়েছে একটি পুরুষ শাবকের। প্রথমবারের মতো ডুলাহাজারা সাফারি পার্কে জেব্রা পরিবারের শাবক জন্ম দেওয়ার ঘটনা ঘটল। নতুন অতিথিসহ বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল চারটি। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। অন্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাদ্য ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেওয়া হচ্ছে।
সাফারি পার্কের নিরাপত্তাকর্মী রাজিব কান্তি দে বলেন, জেব্রার পরিবারে জন্ম নেওয়া নতুন অতিথি পুরুষ শাবক। মা জেব্রা সুমনা ও নতুন অতিথি ঐ শাবককে নিবিড় পরিচর্যা করা হচ্ছে। অন্তত এক ঘণ্টা পরপর মা ও শাবককে বেষ্টনীতে গিয়ে দেখাশুনা করা হচ্ছে। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, শনিবার সকালে খবর আসে পার্কে জেব্রা দম্পতি সুমন ও সুমনার ঘরে নতুন অতিথি এসেছে। বিজয়ের এই মাসে নতুন অতিথি জন্ম হওয়ায় তার নাম দেওয়া হয়েছে বিজয়ের ‘চমক’। মা ও শাকক ভালো আছে। নতুন শাবকের পদচারণা পার্কে দর্শনার্থীদের আরো আনন্দ জোগাবে।
