বাড়ছে অবৈধ যানবাহন
নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদীর প্রধান সড়ক জুড়ে অবৈধ যানবাহন বাড়ছে। চলছে অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। এসব অবৈধ যান জেলা শহরের প্রধান সড়ক জুড়ে প্রতিদিন সৃষ্টি করছে যানজট। জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ যানগুলো প্রতিদিন জেলা শহরে আসা-যাওয়ার কারণে শহরের প্রধান সড়কে জট সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীরা চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়াও শহরের প্রধান সড়কের দুই পাশ দখল করে আছে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড, পরিবহনের কাউন্টার, মোটরসাইকেল ও ভ্রাম্যমাণ দোকানদার। যার কারণে পুরো শহরেই সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে চলাচলে প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে। এসব বিষয়ে বেশ কিছু দিন থেকে প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। দিন দিন সমস্যা প্রকট হচ্ছে।
জেলা বিআরটিএর মোটরযান পরিদর্শক নাজমুল হাসান জানিয়েছেন, জেলায় প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা এবং প্রায় ২০ হাজার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন রয়েছে। নিবন্ধকৃত বা বৈধ যানের যে পরিসংখ্যান জেলা বিআরটিএ থেকে দেওয়া হয়েছে তা থেকে কয়েক গুণ বেশি গাড়ি জেলায় চলাচল করছে। এ প্রসঙ্গে জেলা বিআরটিএর এ কর্মকর্তা জানান, এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তা অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে জেলার ট্রাফিক পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি।
এ অবৈধ যান ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ প্রসঙ্গে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. শাহীনুর রহমান বলেন, আমরা এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আসছি। তবে বর্তমানে করোনা ভাইরাসের কারণে কড়াকড়ি কিছুটা কম। এ সুযোগ নিয়ে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেড়ে গেছে। সড়কের ফুটপাত দখলসহ অবৈধ যান চলাচলের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তা চলমান থাকবে।
