গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল ও ২১ কেজি ওজনের বোয়াল মাছ। রবিবার ভোরে দৌলতদিয়া ১ নম্বর ফেরি ঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে জামাল হালদারের জালে বিশাল আকৃতির কাতল ও ধাওয়া পাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়ে। সকাল ৭টার দিকে মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মত্স্য আড়তে আনা হয়। পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরি ঘাটের মত্স্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকা দিয়ে কিনে তাত্ক্ষণিক ঢাকার এক ব্যবসায়ীর নিকট ২ হাজার ২০০ টাকা দরে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করে। অপরদিকে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল মাছটি আরেক মত্স্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬২০ টাকায় ক্রয় করে বেশি লাভের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।
গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে প্রায়ই বড় মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির এত বড় মাছ খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
