চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ছুরিকাঘাতে ভ্যানচালক আনোয়ার হোসেন (২০) হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার চট্টগ্রাম রেল স্টেশন ও পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আকাশ ও মিঠুন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এদিন সকালে ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। নিহত আনোয়ার ফেনী জেলার জনৈক মো. সেলিমের ছেলে। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, শনিবার রাতে সাগরিকা রোডে আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত ১৬ ডিসেম্বর পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া নিয়ে তার সঙ্গে সহকর্মীদের মনোমালিন্য হয়। বিষয়টি মিমাংসার জন্য শনিবার দুই পক্ষ সাগরিকা রোডে একত্রিত হয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ারকে ছুরিকাঘাত করে রনি ও তার আরেক সহকর্মী। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রনিকে গ্রেফতারে অভিযান চলছে।
