নাটোর মুক্ত দিবস আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৫

নাটোর প্রতিনিধি

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ এলাকা মুক্ত হয়ে বিজয় উল্ল­াস করলেও নাটোর ছিল অবরুদ্ধ। বিজয়ের চার দিন পর নাটোর শত্রু মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী নাটোরের দিঘাপতিয়া গভর্নর হাউজে রাজশাহী বিভাগের সেক্টর হেড কোয়ার্টার স্থাপন করেছিল। তাই নাটোর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল ২১ ডিসেম্বর।  ১৯৭১ সালের ২১ ডিসেম্বর দিঘাপতিয়া গভর্নর হাউজে পাকিস্তানি বাহিনীর অফিসার ও জওয়ান মিলিয়ে ৭ হাজার ৬৯৫ সেনাসদস্যসহ মেজর জেনারেল নজর হোসেন আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল লসমন সিংয়ের কাছে আত্মসমর্পণ করেন। সেই থেকে এ দিনটিকেই নাটোর মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। নাটোর মুক্তির দিন উপলক্ষ্যে আজ সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।