অটোরিকশা যাত্রীরা বিপাকে
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে জামতৈল-কড্ডা ও জামতৈল-সিরাজগঞ্জ রেলগেট রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
ইব্রাহিম হোসেন নামের এক যাত্রী জানান, আমি এই রাস্তায় নিয়মিত যাতায়াত করি। সন্ধ্যা হওয়ার আগেই সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশ চালক এক হয়ে আমাদের জিম্মি করে ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায় করে। ইমরান হোসেন নামের আরেক যাত্রী জানান, কোনো যুক্তি ছাড়াই এই সড়কে চলাচলকারী অটোরিকশার চালকরা ভাড়া দ্বিগুণ আদায় করেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিলে ভবিষ্যতে চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের সাহস পাবে না। সিরাজগঞ্জ টেম্পো ও অটোরিকশা মলিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ জানান, জামতৈল-কড্ডা রুটে ১০ টাকা, জামতৈল-সিরাজগঞ্জ রেলগেট রুটে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোনো চালক যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন তাহলে সেটা অবৈধ। সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এস এম হুদা জানান, অবৈধ গাড়ির বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান হয়। অভিযানে প্রচুর গাড়ি আটক ও মামলা হচ্ছে।
