ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে যৌতুক দাবি করায় এক জনকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা ঐ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে—উপজেলার ভারুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মো. নুরুল ইসলাম একই গ্রামে আক্কাছ আলীর মেয়ে হাফিজা খাতুনকে ২০০৬ সালে বিয়ে করে। বিয়ের পর ১ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে হাফিজা বেগম বাদী হয়ে স্বামী নুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন।
