সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:২৭

ইটভাটায় আইন অমান্য করে পোড়ানো হচ্ছে ইট

বেনাপোল (যশোর) সংবাদদাতা শার্শায় ইটভাটায় আইন ও নীতিমালা না মেনে ভাটা মালিকরা ইট পোড়ানো কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে ব্যাঙেরছাতার মতো ভাটা নির্মাণ করে বাধাহীনভাবে ভাটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন মালিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল জানান, এক দিনেই সব বন্ধ করা যাবে না। তবে পর্যায়ক্রমে প্রতিটি ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বছর দুইটি ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।

জরায়ু ও ব্রেস্টের বিনা মূল্যে পরীক্ষা ও ওষুধ বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় ৩০ থেকে ৬০ বছর বয়সি শতাধিক নারীর জরায়ু ও ব্রেস্টের বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার ইউএনএফপিএর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে জরায়ু ও ব্রেস্টের বিনা মূল্যে পরীক্ষা, ওষুধ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে ৪৭ জন প্রবীণ ও প্রতিবন্ধীর মধ্যে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার, ওয়ারকিং স্টিক, শিক্ষা, পুষ্টি ও আয়বৃদ্ধিমূলক সহায়তা হিসেবে ছাগল বিতরণ করা হয়। রবিবার উপজেলা পরিষদ চত্বরে কারিতাস ইউনিয়ন ক্লাব সভাপতি মো. আ. হাইয়ের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসআরা ঝুমা তালুকদার।

অপরাজিতাদের সংলাপ অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের পক্ষে খান ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। সংলাপে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল।

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। শনিবার নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহিদ কনস্টেবল মনিরুল হক অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে সংবর্ধিত ৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে উপহারসামগ্রী প্রদান করে জেলা পুলিশ।

দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। সভায় ত্রিশাল পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেন্টাল সার্জনস ফোরাম গঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি ডেন্টাল সার্জনদের পেশাগত অধিকার সুরক্ষা ও মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয়ে ‘কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরাম’ গঠিত হয়েছে। শনিবার রাতে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে ডা. সন্দ্বীপ রায়, সাধারণ সম্পাদক পদে ডা. নৌশাদ কায়সার পাঠান ও সাংগঠনিক সম্পাদক পদে ডা. ফারুক আহমেদকে মনোনীত করা হয়েছে।