ইত্তেফাক রিপোর্ট
জাপানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য জাইকার অর্থায়নে পরিচালিত তহবিলের ঋণের সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ পাবেন গ্রাহকরা। এতদিন ঋণের সুদহার নির্ধারিত ছিল ৭ শতাংশ। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানির পরিমাণ ১ লাখ ডলার তারাও এখান থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবে। এতদিন বছরে ন্যূনতম ১০ লাখ ডলার রপ্তানিকারক প্রতিষ্ঠান এখান থেকে ঋণ পেত। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ উত্সাহিত করতে ২০১৭ সালে ৭০৩ কোটি জাপানি ইয়েন সমপরিমাণ ৪৬১ কোটি টাকার এ তহবিলের যাত্রা শুরু হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পরিচালিত টু-স্টেপ লোন (টিএসএল) তহবিল থেকে শুধু শতভাগ জাপানি প্রতিষ্ঠান, জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান ও জাপানে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি করে এরকম বাংলাদেশি প্রতিষ্ঠান ঋণ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়। বাংলাদেশ সরকারকে মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ সুদে তহবিল দিয়েছে জাইকা। এখান থেকে বাংলাদেশ ব্যাংক চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দেড় শতাংশ সুদে অর্থায়ন করবে। আগে এক্ষেত্রে সুদহার ছিল ৩ শতাংশ। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাড়ে ৩ শতাংশ মার্জিন রেখে গ্রাহক থেকে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আগে ব্যাংকগুলো ৪ শতাংশ মার্জিন রেখে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারত। গ্রাহকের অনূকূলে অর্থায়নের পরিমাণের ভিত্তিতে এ তহবিল থেকে ব্যাংকগুলো পুনঃ অর্থায়ন ও অগ্রিম অর্থায়ন—দুটিই পেয়ে থাকে।
