নেসকোর ৬ কোটি ৫১ লাখ টাকা মুনাফা অর্জন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:৩১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

গত ২০১৯-২০ অর্থবছরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড ৬ কোটি ৫১ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। শনিবার ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত নেসকোর ১৫তম বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উক্ত লভ্যাংশের শতভাগ পিডিবির শেয়ার হোল্ডারদের মধ্যে নগদ বণ্টন করা হবে। 

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন নেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। সভার প্রধান অতিথি বিদ্যুত্ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বলেন, বিদ্যুত্ বিভাগের নবীনতম কোম্পানি হিসেবে নেসকো লিমিটেড ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গিতে না তাকিয়ে গ্রাহকসেবা দিয়ে উত্তরবঙ্গের মানুষের মন জয় করেছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছে নেসকো লিমিটেড। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড-বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব এবং নেসকো লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম হুমায়ুন কবির।