ক্রিস্টাল ইনসিওরেন্সের লেনদেন শুরু আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করা ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ার লেনদেন আজ সোমবার শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত ক্রিস্টাল ইনসিওরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড :CRYSTALINS এবং কোম্পানি কোড : ২৫৭৪৯। কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য অনুষ্ঠিত লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে গত ১৫ ডিসেম্বর শেয়ার জমা করা হয়েছে। এরও আগে ৩ ডিসেম্বর কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। আর গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করার জন্য এই পরিমাণ অর্থ উত্তোলন করে কোম্পানিটি। ক্রিস্টাল ইনসিওরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪ দশমিক ৪২ টাকা।