ভিক্ষুকদের পুনর্বাসন জরুরি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

অফিসে যাওয়ার পথে চাক্তাই নতুন সেতু সংলগ্ন জায়গায় দেখলাম তিন বছরের একটি শিশু পথচারীদের জামা-কাপড় ধরে টানাটানি করছে। যে বয়সে মা-বাবার আদরে বড় হওয়ার কথা ছিল, সে বয়সে নেমে পড়েছে টাকা আয়ের জন্য। তদন্ত করা হলে হয়তো দেখা যাবে শিশুটির মা-বাবার খবর নাই। সংঘবদ্ধ কোনো চক্র শিশুটিকে ব্যবহার করছে। বাংলাদেশে অসংখ্য শিশু রয়েছে যাদেরকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। শিশুদের পাশাপাশি অনেক বৃদ্ধ লোকও এই পেশায় জড়িয়ে পড়ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। যে শিশুগুলোর লেখাপড়া করার কথা ছিল—তাদের দিয়ে ভিক্ষা করানো দুঃখজনক। বৃদ্ধ লোকগুলোকে দিয়ে ভিক্ষা করানো একই রকম কষ্টদায়ক। সরকারের কাছে আশা করব—যথাযথ পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষাবৃত্তিকে নিরুত্সাহিত করা হবে। একইসঙ্গে যারা অবুঝ শিশুগুলোকে ভিক্ষা করানোর কাজে ব্যবহার করে, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক।

রূপম চক্রবর্ত্তী

পূর্ব নলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম