‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ কার্যক্রমে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

বঙ্গবন্ধুর বই তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে চাই :সংস্কৃতি প্রতিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

মুজিববর্ষ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ঢাকা মহানগরীতে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে সেরা ২১ শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৩ হাজার টাকা মূল্যমানের বই, ২ হাজার টাকার চেক ও মুজিবর্ষের লোগোসংবলিত সনদপত্র দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থী ও পাঠককে জাতির পিতার লেখা তিনটি বই, ২ হাজার টাকার চেক ও একটি সনদপত্র প্রদান করা হয়েছে। এই আয়োজনে সহযোগিতা করেছে মহানগরীর ১০টি গ্রন্থাগার।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুর বইগুলো আমরা সারা বাংলাদেশে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এটি ছড়িয়ে দিতে পারলে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে। এই নতুন প্রজন্মের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন স্থানে বেসরকারি ৮০০ লাইব্রেরিতে যে লাইব্রেরিয়ান রয়েছে তাদের জন্য এবছর অনুদানের ব্যবস্থা করা হবে। আগামীতে এ অনুদান নিয়মিত করা যায় কিনা সে চেষ্টাও করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়তি বিশ্বাস শুচি, হামদর্দ পাবলিক কলেজের শিক্ষার্থী সামিয়া পারভীন এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী সাদমান সামি। অংশগ্রহণকারী পাঠাগারগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন দনিয়া পাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সীমান্ত গ্রন্থাগারের প্রতিনিধি মানজার চৌধুরী সুইট।