স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডভস্কি; শনিবার রাতে এই তিন তারকার জোড়া গোলে স্ব স্ব লিগে জয় পেয়েছে তাদের দল। এই জয়ে লিগ টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে সুয়ারেজের দল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং শীর্ষ স্থানে উন্নীত হয়েছে লেভার দল বায়ার্ন মিউনিখ। জোড়া গোলে সিরি আ-তে এখনো পর্যন্ত দলকে অপরাজিত রাখা রোনালদো আরো কাছাকাছি চলে এসেছেন পেলের এক অনন্য রেকর্ডের। ওদিকে প্রিমিয়ার লিগে আরো এক পরাজয়ে অবনমন অঞ্চলের একেবারেই দারপ্রান্তে আর্সেনাল।
রাতটা হওয়ার কথা ছিল লিওনেল মেসির। ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধের গোলে পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড (৬৪৩) স্পর্শ করেন এই আর্জেন্টাইন। কিন্তু মুখে হাসি নিয়ে দিনটা শেষ করতে পারলেন না মেসি। ড্র করায় লিগ শিরোপার দৌড়ে আরো পিছিয়ে গেল বার্সেলোনা। তবে ঠিকই হেসেছেন মেসির প্রিয় বন্ধু, লুইস সুয়ারেজ। তার জোড়া গোলেই এলচেকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেই বড়দিন উদ্যাপন করবে সুয়ারেজরা।
শুধু সুয়ারেজ নয়, রাতটা দুর্দান্ত কেটেছে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোরও। তার জোড়া গোলে পারমাকে ৪-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। ব্যক্তিগতভাবে পেলের আরেক রেকর্ডের দারপ্রান্তেও পৌঁছে গেলেন এই পর্তুগিজ তারকা। আর এক গোল করলেই রোনালদোর ক্যারিয়ার গোলের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৭৬৭-তে, যা পেলের ক্যারিয়ার গোলের সমান।
একই রাতে জোড়া গোল করেছেন মেসি, রোনালদোকে পেছনে ফেলে সম্প্রতি ফিফা বর্ষসেরা পুরস্কার জিতা বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডভস্কিও। পোলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে ভর করে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। এই জয়ে লেভারকুসেনকে টপকে বুন্দেসলিগার শীর্ষ স্থান দখল করেছে বায়ার্ন।
ওদিকে গুডিসন পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের কাছে ১-২ গোলে পরাজিত হয়েছে আর্সেনাল। ১৪ ম্যাচ খেলে ৮টিতেই হারা গানাররা এখন পয়েন্ট টেবিলে আছে ১৫তম স্থানে। এই হারে অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে মিকেল আরতেতার শিষ্যরা। লিগের অন্য ম্যাচে সাউদ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
