কক্সবাজার-সেন্টমার্টিন রুটে আজ নামছে ‘বে ওয়ান’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে নামছে নতুন জাহাজ বে ওয়ান। পর্যটকদের আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে এই ক্রুজশিপ চট্টগ্রামের কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড জাপান থেকে কিনে এসেছে। সরকারের অনুমোদনক্রমে আজ ২১ ডিসেম্বর থেকে পর্যটকদের সেবা দেওয়া শুরু করবে এই জাহাজ। এ উপলক্ষ্যে গতকাল চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। 

কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড জানায়, কোবেই শহরের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে তৈরি এই ক্রুজশিপটির দৈর্ঘ্য ৩৯৩ ফুট ও প্রস্থ ৫৫ ফুট। এটির গড়গতি ঘণ্টায় ১৬ দশমিক ১ নটিক্যাল মাইল এবং সর্বোচ্চ গড় গতি ঘণ্টায় ২৪ নটিক্যাল মাইল। বে ওয়ানে রয়েছে প্রেসিডেন্ট স্যুট, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিন, আরামদায়ক চেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরির আসন। আছে একটি রেস্তোরাঁও। এছাড়া জাহাজে ২ হাজারের বেশি আসনের ব্যবস্থা রয়েছে।