স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রবিবার হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন মো. আবুল কাশেম, মো. রফিক, মো. আ. মন্নাফ, মো. দুলাল, মো. খোরশেদ আলম, মো. ইসরাফিল ও মো. জাহেদুল ইসলাম।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের একটি দল আরপিএমপি কোতোয়ালি থানা এলাকায় গতকাল বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ইমারজেন্সির সামনে এবং মেডিক্যাল কলেজের প্রধান প্রবেশ পথে চিকিত্সা নিতে আসা সেবাগ্রহীতাদের ও তাদের আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত বাধা প্রদান এবং ভয়ভীতি দেখানো ও বাকবিতণ্ডা করার সময় দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।
উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সব ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
