চট্টগ্রামে বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:০৭

চট্টগ্রাম অফিস

বায়ুদূষণের অভিযোগে চট্টগ্রামে দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রবিবার অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো—বায়েজিদ এলাকার মডার্ন স্টিল মিলস লিমিটেড ও পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরীর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী ইত্তেফাককে বলেন, গত ১৬ নভেম্বর মডার্ন স্টিল মিল এলাকা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে বায়ুদূষণের প্রমাণ পাওয়া যায়। গত ১২ নভেম্বর এসজিএস সিমেন্ট কারখানা এলাকার নমুনাতেও বাতাসে মাত্রাতিরিক্ত দূষণের প্রমাণ মিলেছে।

দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত ও শুনানি শেষে মডার্ন স্টিল মিলের এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এটিপি) ত্রুটিপূর্ণভাবে পরিচালনার অভিযোগে ৯ লাখ টাকা জরিমানা ও এটিপি আধুনিকায়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই অভিযোগে এনজিএস সিমেন্ট কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী সাত দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।