মেজর (অব.) হাফিজকে শোকজ মুক্তিযোদ্ধাদের অপমান :কাদের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির ভাইস চেয়ারম্যান ও খেতাবধারী মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শোকজ করা প্রসঙ্গে বলেছেন, তারা মুখে বলে দলটিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। দলে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর আচরণই ফুটে ওঠে। সুযোগ পেলেই বিএনপি তাদের যে কোনো নেতাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে পারে।

ওবায়দুল কাদের গতকাল রবিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে গোপন সখ্য রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঐ সিনিয়র নেতা আক্ষেপ করে বলেছেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি মহল সক্রিয়। আমরা চলতে চাই, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সাহেবকে ইঙ্গিত করা দলের ভেতরের মহলটি বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছে। আর এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, দলীয়ভাবে তারা ভাস্কর্যের অবমাননাসহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপকর্মের ইন্ধন জোগাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, আমরা শুরু থেকে বিএনপির অপরাজনীতির কথা বলেছি। এখন সেটা আরো স্পষ্ট হলো, শাক দিয়ে যেমনি মাছ ঢাকা যায় না, তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না।