৫৫ দিনে শনাক্ত ১ লাখ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:৪০

দেশে করোনা ভাইরাসে গত ৫৫ দিনে ১ লাখ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ১৫৩ রোগী শনাক্ত হয়েছে দেশে, তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৭১৩ জনে। আর গত এক দিনে এ ভাইরাসে আরো ৩৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ২৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন হয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়, তিন মাস পর ১৮ জুন তা ১ লাখ ছাড়িয়ে যায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ২ লাখে। এর পরের ১ লাখ রোগী শনাক্ত হয় এক মাস ৯ দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় ৩ লাখ। শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যায় এর দুই মাস পর, ২৬ অক্টোবর। তা ৫ লাখে পৌঁছতে সময় লাগল ৫৫ দিন। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬০টি ল্যাবে ১৩ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৭৫ হাজার ৬৮০টি নমুনা। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৫০ হাজার ৫০৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৭১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ আর নারী আট জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জন করে মোট তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ও ১০ বছরের কম ছিল। মৃতদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, আট জন চট্টগ্রাম বিভাগের, তিন জন সিলেট বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, এক জন বরিশাল, এক জন রংপুর ও এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ২৮০ জনের মধ্যে ৫ হাজার ৫৫২ জনই পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী। তাদের মধ্যে ৩ হাজার ৯৪৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি।