ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের শহীদ মাতুব্বর হত্যা মামলার আসামি আসলাম ফকিরের বিরুদ্ধে জামিনে বের হয়ে বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা ও হত্যা মামলার সঠিক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এর আগে মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সদরপুর যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। রবিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. শাহজাহান মাতুব্বর, আব্দুল হামিদ মাতুব্বর, এস্কেন শেখ, রাশেদ শেখ, এরশাদ শেখ, সিদ্দিক মাতুব্বর প্রমুখ।
বক্তারা বলেন, গত ২১ এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসলাম ফকিরের নির্দেশে ও নেতৃত্বে অর্ধশতাধিক লোক শহীদ মাতুব্বরকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে আসলাম ফকিরকে আটক করে র্যাব। অন্য আসামিদেরও বিভিন্ন সময়ে আটক করে পুলিশ। দেড় মাস আগে জামিনে বের হয়ে আসে আসামিরা। এর পরই বাদী ও সাক্ষীদের হুমকি দিয়ে আসছে তারা। আসামিদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারগুলো।
উল্লেখ্য, ২০০৩ সালে মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহেদ আলী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আসলাম ফকির। সেই মামলায় নিম্ন ও উচ্চ উভয় আদালতেই আসালাম ফকিরের ফাঁসির দণ্ড দেওয়া হয়। কিন্তু মানসিক ভারসাম্যহীন তকমা লাগিয়ে ফাঁসির এক দিন আগে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ছাড়া পান আসলাম ফকির।
