বার কাউন্সিল পরীক্ষাকেন্দ্রে গত শনিবারের ভাঙচুরের ঘটনায় রাজধানীর তিনটি থানায় পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ১ হাজার। এ ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় ১৬ জনকে নামধারী এবং অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় ১১ জনকে গ্রেফতার করে রিমান্ড চাওয়া হয়েছে। নিউমার্কেট থানা পুলিশ জানায়, বার কাউন্সিল পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় বিসিএসআইআর স্কুল কর্তৃপক্ষ একটি এবং পুলিশ বাদী হয়ে দুটিসহ মোট তিনটি মামলা দায়ের করে। এ ঘটনায় মোট ৩৭ জনের নামোল্লেখ করে ২৫০ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৩৭ জনকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে।
সুত্রাপুর থানা পুলিশ জানায়, বার কাউন্সিল পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সেখানে একটি মামলা করা হয়েছে এবং এক জনকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাজধানীর ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শুরু হয়। এতে ১৩ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ‘প্রশ্ন কঠিন হয়েছে’ এমন দাবি তুলে এবং অনবরত স্লোগান দিয়ে পরীক্ষা বর্জন করেন দুটি কেন্দ্রের পরীক্ষার্থীরা। কেন্দ্র দুটি হলো মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। একই অবস্থা হয় মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও বিসিএসআইআর হাইস্কুলে। কিছু পরীক্ষার্থী অন্য কেন্দ্র থেকে ঐ প্রতিষ্ঠানগুলোতে গিয়ে পরীক্ষা বন্ধ করে দেন।
