বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যসহ ৯ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জাতীয় পতাকার নকশা বিকৃত করে প্রদর্শনের ঘটনায় রবিবার রংপুর মেট্রোপলিটনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক নাজমুল কাদির।
গত বুধবার মহান বিজয় দিবসে সবুজের মধ্যে লাল বৃত্তের পরিবর্তে চার কোনা লাল আকৃতির পতাকা হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়েকটি ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা যায়, জাতীয় পতাকার নকশা পরিবর্তন করে সবুজের ভেতর লাল বৃত্তের পরিবর্তে চার কোনা আকৃতির লাল পতাকা হাতে নিয়ে স্বাধীনতা স্মারক চত্বরে পোজ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে পোস্ট দেওয়া হলে তা ভাইরাল হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী বলেন, বিষয়টি তদন্তের জন্য আদালত থেকে মৌখিকভাবে নির্দেশ পেয়েছি। আদালত থেকে এ সংক্রান্ত কাগজ হাতে পেলেই তদন্ত শুরু করব।
