বরিশালের একে স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

নগরীর আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি এবং ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে তা আত্মসাত্ এবং অকৃতকার্য ছাত্রদের কাছ থেকে উত্তোলনকৃত মোট ৫ লাখ টাকা আত্মসাত্সহ ১০টি অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর শিক্ষক ও কর্মচারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব করেন কর্তৃপক্ষের কাছে। গত শনিবার স্কুলের অফিস সহকারী জামাল হোসেন সন্যামত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ম্যানেজিং কমিটি সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

অফিস সহকারী জামাল হোসেন সন্যামত বলেন, গত ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অর্থ আত্মসাত্সহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ২ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে কারণ দর্শানোর নির্দেশ দেন। তার উত্তর সন্তোষজনক না হওয়ায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ছিলেন সরকারি বিএম কলেজের সহযোগী অধ্যাপক মনোজ হালদার, সহকারী শিক্ষক ইসরাত জাহান সিলভী ও মামুন হাওলাদার। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে ১০টি অভিযোগের প্রমাণ পায় কমিটি।

অভিযুক্ত এইচ এম জসিম উদ্দিন জানান, তদন্তকালীন তাকে এক মাস বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়। এ কারণে তারা তাদের ইচ্ছামতো একপেশে তদন্ত করে অভিযোগের প্রমাণ পাওয়ার বিভ্রান্তি ছড়িয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন, যা বিধিসম্মত হয়নি বলে দাবি তার।