বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা একটি বধ্যভূমিতে পরিণত হয়েছে। ভোটারবিহীন সরকারের নতজানু পরররাষ্ট্র নীতির কারণে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের সীমান্ত।
গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যার প্রতিবাদে দলটির ঘোষিত কর্মসূচির এক দিন আগে তিনি এসব অভিযোগ করেন। আজ সারা দেশে জেলা ও মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবেন। গত সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে সুসম্পর্ক থাকতে পারে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব ও নির্বাহী সদস্য শেখ রবিউল আলম রবি উপস্থিত ছিলেন।
