বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে দ্রুত দরকষাকষি শেষ করার তাগিদ দিয়েছেন দুই দেশের এ শীর্ষ দুই নেতা। তারই পরিপ্রেক্ষিতে গঙ্গা নদীর পানি চুক্তি পর্যালোচনা ও অন্য ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আগামী মাসে আলোচনায় বসবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য পর্যায়ের বৈঠক আগামী মাসের ৫-৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ছয়টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। ঐ নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, ছয়টি নদী হচ্ছে মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী। নদীগুলো নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। বিভিন্ন সময়ে নদী প্রবাহের তথ্য-উপাত্ত একে অপরকে সরবরাহ করেছে। অন্যদিকে গঙ্গা পানিচুক্তি সই হয় ১৯৯৬ সালে।
