স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নগরীর ঈশা খাঁ রোডের কিল্লারপুল খালের বেহাল অবস্থা। আবর্জনা ও পলিথিনে ভরাট হয়ে খালটি মরতে বসেছে। খালটিতে পানি প্রবাহ একেবারেই কমে গেছে। বিশাল খালটি এখন পরিণত হয়েছে সরু নালায়। ময়লার গন্ধে নাকে রুমাল দিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে দেখা যায়, আবর্জনা, পলিথিন ও বালুতে প্রায় বন্ধ খালের মুখ। পানি প্রবাহ কমে যাওয়ায় জন্মাছে বড় বড় ঘাস ও কচুগাছ। খালের পশ্চিম দিকের মুখে কিছুটা পানি প্রবাহ থাকলেও পূর্ব দিকে প্রায় পুরোটাই বন্ধ। বর্ষাকালে খালের পানি প্রবাহ ঠিকমতো সচল না থাকায় জলাবদ্ধতায় কষ্ট করেন খালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। প্রায় বছর খানেক আগে একটি দাতাসংস্থার সহায়তায় খালটি পুনঃউদ্ধার, উন্নয়ন ও সংস্কার কাজ হাতে নেওয়া হলেও তার কিছুই হয়নি। উক্ত এলাকার বাসিন্দা হাফেজ আলী আক্ষেপ করে বলেন, ‘ছোটবেলায় এই খালটিতে কত সাঁতার কেটেছি। কত বড় খাল আজ কি হয়ে গেছে। সামনেই বর্ষা, এখন যদি খালের কাজ না করে তাহলে কবে করবে?’ মুদি দোকানদার সিদ্দিকুর রহমান বলেন, ‘খালে প্রতিদিনই লোকজন আবর্জনা ফেলে যায়। এর দুর্গন্ধে দোকানে ঠিকমতো বসা যায় না। গত বছরের শুরুর দিকে শুনেছিলাম খাল সংস্কার করা হবে। কিন্তু এখনো কিছুই হয়নি।’
