গ্রেফতার ১
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা যাওয়ার পথে মদনপুর থেকে শ্যালক-দুলাভাইকে অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির ৫ দিনের মাথায় অপহূত একজনকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী থেকে উদ্ধার করা হয়েছে। অপরজন ঘটনার দিনই কৌশলে পালিয়ে গেছে। উদ্ধারকৃত শ্রমিকের নাম শাহ আলম (৩২)। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার লোলবাড়িয়া এলাকার হাফেজ আহাম্মদের ছেলে। উদ্ধারকৃত শাহআলম একটি গার্মেন্টের শ্রমিক বলে জানা গেছে।
উদ্ধারকৃত শাহ আলম জানান, ১৩ জানুয়ারি সন্ধ্যায় তাকেসহ তার শ্যালক আরিফকে (৩০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর নামক স্থান থেকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর তাদেরকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাদের পরিবারের কাছে নগদ ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর মধ্যে তার সাথে অপহরণের শিকার তার শ্যালক আরিফ কৌশলে পালিয়ে যায়। পরে আরিফ ঘটনাটি মোবাইল ফোনে তার পরিবারকে জানায় এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুুলিশকে বিষয়টি অবহিত করে।
পুলিশ বৃহস্পতিবার রাতে শাহ আলমকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দীর আলমগীরের বাড়ি থেকে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উদ্ধারকৃত শাহ আলম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ উজান গোপিন্দী গ্রামের আলমগীরকে (৩২) আটক করেছে।
