বয়স জটিলতায় ৭০ ভাগ শিক্ষার্থী আবেদন করতে পারছে না 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১০:৪৪

বয়স জটিলতায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না গোপালগঞ্জের ৭০ ভাগ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী চলতি বছর পঞ্চম শ্রেণি উর্ত্তীন্ন হয়েছে। কিন্ত এদের বয়স ১১ বছরের কম থাকায় তারা অনলাইনে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছে না। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। 

এছাড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ধরনা দিয়েও শিক্ষার্থী এবং অভিভাবকরা জম্ম নিবন্ধন সংশোধন করতে পারছেন না। ফলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে বিপাকে পড়েছে অধিকাংশ শিক্ষার্থী।

গোপালগঞ্জ গোল্ডেন টার্চ কম্পিউটারের কম্পিউটার অপারেটর গোবিন্দ সরকার বলেন. গত ১৭ ডিসেম্বর থেকে অনলাইনে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।অনলাইনে ভর্তির আবেদন করতে অনেক অভিভাবক ও শিক্ষার্থী আমাদের কাছে আসছে। কিন্তু যাদের বয়স ১১ বছরের কম তাদের অবেদন সফটওয়্যার গ্রহণ করছে না। গত বছর এ ধরনের সমস্যা ছিলো না। তাই ১১ বছরের কম বয়সীরাও আবেদনের সুযোগ পেয়েছে। এ বছর এ ধরনের সুযোগ নেই। তাই সমস্যা হচ্ছে। আবেদন না করেই ৭০ ভাগ শিক্ষার্থী  ও অভিভাবক ফিরে যাচ্ছেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষা কর্মকর্তা জানান, ১১ বছর বয়স না হলে শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে ২ বছর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে  পরিপত্র জারি করা হয়। কিন্তু গত ২ বছর ধরে এটি কার্যকর হয়নি। এ বছর মন্ত্রণালয় এটি কঠোরভাবে কার্যকর করার নির্দেশনা দিয়েছে। তাই যাদের বয়স  চলতি বছরের ৩১ ডিসেম্বর ১১ বছর হয়নি তারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদ করতে পারবে না। 

গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডের বাসিন্দা পবিত্র সাহা বলেন, আমার মেয়ে প্রজ্ঞা সাহা ২০১১ সালে ১১ মে জম্ম গ্রহণ করে। সাড়ে ৫ বছর বয়সেই তাকে স্কুলে ভর্তি করি। সে শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। কিন্তু তার বয়স ১১ বছর হয়নি। তাই ৬ষ্ঠ শ্রেণিতে তার ভর্তির  আবেদন করতে পরছি না। মন্ত্রণালয়ের এ নির্দেশনা বহাল থাকলে আমার মেয়ের ১ বছরের শিক্ষা জীবন ব্যাহত হবে। আমার মেয়ের মতো অসংখ্য শিক্ষার্থী এ সমস্যায় পড়েছে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের ভর্তির অবেদনের  নতুন নির্দেশনা দেয়ার দাবি জানাচ্ছি। 

গোপালগঞ্জে পৌরসভার জম্ম নিবন্ধন শাখার জম্ম নিবন্ধন কর্মী তিতাস কুমার বিশ্বাস বলেন, জম্ম নিবন্ধন সংশোধন করতে অভিভাবকরা আমাদের কাছে আসছেন। কিন্তু জম্ম নিবন্ধন সংক্রান্ত সার্ভার অপডেট করছে সংশ্লিষ্ট বিভাগ। ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা এটি অপেডেট করবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে ক্ষুদ্র বার্তা দিয়ে জানানো হয়েছে। তাই ওই সার্ভারে ঢুকে আমরা জম্ম নিবন্ধন সংশোধন করতে পারছি না। এমনকি নতুন জম্ম নিবন্ধনও ইস্যু করতে পারছি না। ২০২১ সালের ১ জানুয়ারির পর থেকে এটি সংশোধন বা নতুন ইস্যু করা সম্ভব হবে। তাই জম্ম নিবন্ধন সংশোধন বা নতুন  করতে না পেরে অভিভাবকরা ফিরে যাচ্ছেন।
 
গোপালগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ আনুযায়ী প্রাথমিকে ভর্তির নূন্যতম বয়স ৬ বছর ধরা হয়েছে। সে হিসেবে সেখানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর নির্ধারণ করা হয়েছে।৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ব্যাপারে মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। কিন্তু বয়স কম থাকায় অধিকাংশ শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছেনা। বিষয়টি অমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ক্ষেত্রে পরিপত্রের কোন ব্যত্যয় হবে না বলেও তারা স্পষ্ট করেছে।

ইত্তেফাক/কেকে