ইত্তেফাক ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্যাশন উদ্যোক্তা ও ডিজাইনারদের শুভেচ্ছা

‘মুক্তির আকাঙ্ক্ষা ও প্রেক্ষাপট নির্মাণে ইত্তেফাক-এর ভূমিকা শ্রদ্ধায়, সম্মানে আবেগায়িত করে তোলে’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৩৯

শিশুকাল থেকেই প্রতিদিনের খবরখবর পড়বার যে অভ্যাস আমার, তার শুরু দৈনিক ইত্তেফাক পড়বার মাধ্যমে।  আমার ষ্পষ্ট মনে আছে, আমার আর বাবার কে আগে পত্রিকা পর্বে এ নিয়ে এক ধরণের প্রতিযোগিতার কথা।  শেষমেশ আমরা সমঝোতায় আসি, যে আগে পত্রিকা হাতে পাবে, সেই প্রথম চার পাতা আগে পড়বার সুযোগ পাবে। নানাকারণে, বিশেষত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ-এর স্বপ্নসঞ্চারে, এর ভিত রচনায়, মুক্তির আকাঙ্ক্ষা ও প্রেক্ষাপট নির্মাণে দৈনিক ইত্তেফাক-এর ভূমিকা আমাকে শ্রদ্ধায়, সম্মানে আবেগায়িত করে তোলে। এই মহান কাজের পেছনের বিশেষ বিশেষ মানুষদের প্রতি অসীম কৃতজ্ঞতা। দৈনিক ইত্তেফাক-এর ফিচার বিভাগ, বিশেষত লাইফস্টাইল বিষয়ক  বিভাগ কড়চা’য় দেশীয় উদ্যোগ ও পণ্যের খবরাখবর দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন,প্রসার ও পৃষ্ঠপোষকতায় বরাবরই কাজ করে চলেছে। এ দেশের ব্যক্তি উদ্যোগের বিকাশে দৈনিক ইত্তেফাক সামনের দিনগুলোতে আরো নানা নতুন সৃষ্টিশীল কিছু উপহার দিবে বলে আমার দৃঢ় ধারণা। সংবাদপত্র শিল্পের মহীরুহ দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে কে ক্র্যাফট-এর পক্ষ থেকে অভিনন্দন।

                      

 

খালিদ মাহমুদ খান

উদ্যোক্তা, কে ক্র্যাফট