হঠাত্ অসুস্থ মিঠুন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৪৬

বেশ কিছুদিন বিশ্রাম নিয়েই শুরু করেছিলেন নতুন শুটিং। আর শুটিংয়ের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়ে বাড়িয়ে দিলেন সবার উকণ্ঠা। বর্ষীয়ান এ অভিনেতার অসুস্থতার জেরে শেষ পর্যন্ত সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর জানিয়েছে জি নিউজ বাংলা।

জানা গেছে, সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মির ফাইলস’-এর শুটিং শুরু করেন মিঠুন চক্রবর্তী। সেখানে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেতা। পাকস্থলিতে সংক্রমণে জেরেই মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

তার অসুস্থতার খবরে বলিউড ও কলকাতার শোবিজে দুশ্চিন্তা ছড়িয়েছে। উদ্বেগে রয়েছে তার পরিবারও।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, মুসৌরিতে তারা শুটিং করছিলেন। বড় একটি অ্যাকশন দৃশ্য শুটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মিঠুন চক্রবর্তীর শটও ছিল তৈরি। হঠাত্ তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ফলে সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেওয়া হয়।