শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ‘সংযোগ বিজয় অলিম্পিয়াড’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২১:৩২

ছোট ছোট শিশু। ওদের কেউ এঁকেছে লাল সবুজের পতাকার ছবি। কেউ এঁকেছে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধার মুখ। আবার আধো বুলিতে কেউ গাইছে বিজয়ের গান। কেউ লাল সবুজের পোশাক জড়িয়ে অভিভাবকের সহায়তায় ফেসবুক গ্রুপে শেয়ার করেছে হাস্যজ্জ্বল ছবি। 

বিজয়ের মাসে শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ : কানেক্টিং’ পিপল’ ও বুকলিফের আয়োজনে অনুষ্ঠিত বিজয় অলিম্পিয়াডের এমন শত শত শিশু সামিল হয়েছে। একসাথে উড়িয়েছে বাংলা মায়ের বিজয় নিশান।

বিজয় দিবসকে ঘিরে শিশু-কিশোরদের জন্য আয়োজিত এই অনলাইন ইভেন্টের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’। দেশের পাশাপাশি দেশের বাইরে থেকে চিত্রাঙ্কন, গান, কবিতা আবৃত্তি, নাচ, কবিতা ও গল্প লেখা প্রতিযোগিতায় প্রায় ৩০০ শিশু-কিশোর অংশ নেয়। শিশুদের জন্য সাত দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর জন্য নানা গিফট নিয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা, ডাইসিন, মাজিদসন্স, তিলোত্তমা লিমিডেট, ট্রেড কনসার্ন, টেকনো সলিউশনস ও সার্ভিসেস, রক্ষী লিমিটেড, পিরিয়ড বিষয়ক স্বেচ্ছাসেবী প্লাটফর্ম জ্যোতিসহ আরও অনেক প্রতিষ্ঠান। 

মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা সম্পর্কে জানতে, জানাতে বীর মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা মকবুল ই এলাহী (মশগুল চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী সিরাজুল হক খানের পৌত্র ইশতিয়াক খানকে নিয়ে লাইভ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়া সংযোগ বিজয় অলিম্পিয়াড উপলক্ষে ১৫ ডিসেম্বর রাতে ‘বিজয়ে জাগরণের আহবান’ শীর্ষক সংযোগ লাইভ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

সংযোগ কানেক্টিং পিপলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রকৌশলী রেজওয়ান আহমেদ নূর শাব্বিন বলেন, সংযোগ এখন ৩২ হাজার মানুষের পরিবার।  আমরা গত নয় মাস ধরে পরিবারের সবাই মিলে নানান কাজ করছি। করোনাকালীন দেশের ১০০টির মত হাসপাতালে প্রায় ৪ হাজার মেডিকেল গাউন, ১১ হাজার মাস্ক ও ২ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য মাস্ক ও সেনিটাইজার পৌঁছে দেয়ার কাজটিও করছি। এছাড়া বেদে থেকে শুরু করে মৃৎশিল্পী, পাটকলের শ্রমিক, আদিবাসী, স্কুল ও মাদ্রাসার ননএমপিও ভুক্ত শিক্ষকসহ প্রায় তিন হাজার পরিবারকে নগদ অর্থ ও এক মাসের খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার কাজ করছে সংযোগ। এছাড়া নোয়াখালীতে আইসিইউ প্রতিষ্ঠা, দেশের একাধিক স্থানে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা স্থাপনের কাজও করছি আমরা। ঢাকায় ১০০ জনের ওপর করোনা রোগীকে অক্সিজেন সরবরাহ, শতাধিক ব্যক্তির জন্য ব্লাড ও প্লাজমা ডোনারের ব্যবস্থা করে দেওয়া, ১০ জনের ওপর মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা, ২০ জনের চাকরির ব্যবস্থা করা ও ২০ জনের বেশি ব্যক্তিকে চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে সংযোগ। এছাড়া সম্প্রতি গরিব মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে সংযোগ। 

সংযোগ বিজয় অলিম্পিয়াডের সহ-আয়োজক বুকলিফ ও সংযোগের সহ-প্রতিষ্ঠাতা শাহ্ ইখতিয়ার আলম বলেন, আমাদের শিশুরা বুকের মধ্যে বাংলাদেশ আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ে উঠবে, এই স্বপ্নের জায়গা থেকেই আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছি। শিশুদেরকে অনুপ্রাণিত করতে সব শিশুর জন্য উপহার হিসেবে থাকবে একজন বীর মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত সদনপত্র। এছাড়া বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার হাতেই ইভেন্টটির সহ-আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে বলে।

শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার এ উদ্যোগ সম্পর্কে সংযোগ : কানেক্টিং পিপলের সহ-প্রতিষ্ঠাতা নাসিমূল আহসান বলেন, আগামীর প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ে উঠতে পারে, দেশকে ভালোবেসে দেশের পাশে দাঁড়াতে পারে, তাই আমাদের এ প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি আজকের এই শিশুরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। একটি অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ নির্মাণে কাজ করবে।

ইত্তেফাক/জেডএইচ