মুজিববর্ষ উপলক্ষ্যে আয়েজিত জাতীয় নারী কাবাডির চূড়ান্ত পর্ব গতকাল ঢাকায় কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে। আঞ্চলিক চ্যাম্পিয়ন ঝিনাইদহ, রংপুর, রাঙ্গামাটি ও ফরিদপুরের সঙ্গে সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে সার্ভিসেস দল আনসার ও পুলিশ। আনসার, ঝিনাইদহ ও রংপুর ক গ্রুপে এবং পুলিশ, রাঙ্গামাটি ও ফরিদপুর খেলছে খ গ্রুপে। জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ সকালে ঝিনাইদহ ৪৯-১৪ পয়েন্টে রংপুরকে ও ফরিদপুর ৩৯-২৪ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায়। কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যারের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।
