ইংলিশ প্রিমিয়ার লিগ

মরিনহোর ভরাডুবি, ওলের উচ্ছ্বাস

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২১:৫১

আগের ম্যাচ হারার পর জোসে মরিনহো বড়াই করে বলেছিলেন, ‘সেরা দলটি হেরেছে’। এবার পাঁচ দিনের ব্যবধানে প্রিমিয়ার লিগে আবার হারের মুখ দেখল মরিনহোর ‘সেরা দলটি’। রবিবার রাতে লেস্টার সিটির বিপক্ষে ০-২ গোলের এই পরাজয়ে অল্প দিনের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পাঁচে নেমে এসেছে মরিনহোর টটেনহাম হটস্পার্স। ওদিকে ওল্ড ট্রাফোর্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৬-২ গোলে জয় পেয়েছে ওলে গুনার সোলসারের ম্যানচেস্টার ইউনাইটেড।

বড়দিনের প্রস্তুতিটা ভালো যাচ্ছে না মরিনহো ও স্পার্সের। গত বুধবার লিভারপুলের কাছে শেষ মিনিটের গোলে হার, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এবার হ্যারি কেইনরা ঘরের মাঠে হেরে বসল লেস্টারের কাছে। লিভারপুলের প্রাক্তন কোচ ব্রেন্ডন রজার্সের অধীনে খেলা জেমি ভার্ডিরা এদিনে জয় পেয়েছে স্পার্সের ভুলেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সার্জ অরিয়ের নিতান্তই অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি পায় লেস্টার। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ভার্ডি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেমস ম্যাডিসনের অসাধারণ একটি গোল ভিএআর বাতিল করে দিলেও ম্যাচের ৫৯তম মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করেন ভার্ডি। তবে এবার পেনাল্টি নয়, হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন স্পার্স ডিফেন্ডার টবি আল্ডারভাইরাল্ডকে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মার্ক আলব্রাইটনের ক্রসটিকে যেন ইচ্ছা করেই হেড করলেন অপ্রস্তুত আল্ডারভাইরাল্ডের গায়ে। এই বেলজিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে হওয়া গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে লেস্টার। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে ভার্ডিরা।

ওদিকে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের জালে ছয় বার বল জড়িয়েছে ব্রুনো ফার্নান্দেজরা। স্কট ম্যাকটমিনে ও ব্রুনো ফার্নান্দেজ, দুজনই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ভিক্টর লিন্ডেলফ ও ডেনিয়েল জেমস। ঘরের মাঠের এই দুর্দান্ত জয়ে এক ম্যাচ কম খেলেই পয়েন্ট টেবিলের তৃতীয়তে উঠে এসেছে সোলসারের শিষ্যরা।