দেশের ঘরোয়া ফুটবলে এমন নজির নেই। দর্শক স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখার জন্য কাউন্টার থেকে টিকিট কিনে স্টেডিয়ামে ঢুকতে পারতেন। কিন্তু এবার সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে করোনার কারণে। দর্শক ফেডারেশন কাপ ফুটবলের খেলা দেখতে পারবেন তবে তাকে টিকিট সংগ্রহ করতে হবে ক্লাব থেকে। বাফুফে ক্লাবগুলোকে টিকিট পাঠিয়ে দেবে। দর্শকের হাতে টিকিট বিতরণ করবে ক্লাব।
একটা সময় বাফুফে টিকিট বিক্রি করত। সেই সঙ্গে ম্যাচের দিন সাপোর্টার পাশ পাঠিয়ে দেওয়া হতো ক্লাবগুলোতে। সাপোর্টাররা একটা পাশ সংগ্রহ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা ক্লাবের গেটে অপেক্ষা করতেন, যদি পেতেন বিশ্ব জয়ের মতো আনন্দে লাফিয়ে তত্কালীন ঢাকায় স্টেডিয়ামের পথে দৌড়াতেন। কোথায় গেল ফুটবলের সেই দিন।
