টানা চতুর্থবারের মতো ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জেতা লুইস হ্যামিল্টন বিবিসির এ বছরের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল বর্ষসেরা দল এবং তাদের ম্যানেজার য়ুর্গেন ক্লপ বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। মানবতাবাদী কর্মকাণ্ডের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড পেয়েছেন বিশেষ পুরস্কার।
খ্যাতনামা সংবাদমাধ্যম বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার নির্ধারিত হয় মূলত দর্শকের ভোটে। এবারের আসরে এই পুরস্কারের সর্বোচ্চ সম্মানটি পেয়েছেন সর্বকালের সেরা ফর্মুলা ওয়ান চালকদের একজন, লুইস হ্যামিল্টন। এই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন লিভারপুলকে ৩০ বছর পর লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া জর্ডান হেন্ডারসন। দ্রুততম সময়ে প্রিমিয়ার লিগ জেতা (সাত ম্যাচ হাতে রেখে) লিভারপুল নির্বাচিত হয়েছে বর্ষসেরা দল হিসেবে। ১৮ পয়েন্টের ব্যবধান রেখে লিগ জেতা হেন্ডারসনদের ম্যানেজার, য়ুর্গেন ক্লপ নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ হিসেবে। ইংল্যান্ডে শিশুখাদ্য অনটন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্কাস রাশফোর্ডকে দেওয়া হয়েছে এক্সপার্ট প্যানেলের বিশেষ পুরস্কার। বৈশ্বিক ক্রীড়া তারকার পুরস্কার পেয়েছেন রাশিয়ান মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নুরমাগোমেদভ।
