করিম বেনজেমার দুর্দান্ত নৈপুণ্যে এসডি এইবারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক গোল ও দুইটি অ্যাসিস্ট করে বেনজেমা কোচ জিনেদিন জিদানেরও ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।
ম্যাচের ৬ মিনিটে গোল করার পর ১৪ ও ৮৯ মিনিটে লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেসকে দিয়ে দুটো গোল করিয়েছেন বেনজেমা। তাতে টানা পঞ্চম জয় নিশ্চিত হয়ে যায় জিদানের দলের। এর ফলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যুগ্মভাবে তালিকার শীর্ষেও উঠে যায় রিয়াল।
এ নিয়ে বেনজেমা ক্যারিয়ারে ৩০তম বারের মতো একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন। জিদান তার প্রশংসায় বলেন, ‘বেনজেমা একজন ম্যাচ উইনার কারণ সে যা করছে তা ভিন্ন পর্যায়ের। শুধু গোলের জন্যই বলছি না, করিমকে নিয়ে যা বলি সেটা প্রায়ই পুনরাবৃত্তি করি আমি। তার ব্যাপারটা শুধু গোলের নয়, প্রতি ম্যাচেই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টা হয়ে যাচ্ছে। সে সব সময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যখন গোল করে তখন ব্যাপারটা আরো ভালো হয়ে ওঠে।’
তবে দলের বাকি সবার পারফরম্যান্সকেও ভুলে যাননি জিদান। তিনি বলেন, ‘সবার পারফরম্যান্সকেই বড় করে দেখতে হবে আমাদের। আজ আমরা ভালো খেলেছি, দুই দলই খেলেছে। যোগ্য দল হিসেবে আমরা জিতেছি।’
