‘গরিবের ডাক্তার’ অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু মারা গেছেন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:৫৩

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং গরিবের ডাক্তার হিসেবে খ্যাত অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। গতকাল শুক্রবার দুপুরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থা তিনি মারা যান। বুধবার গভীর রাতে হূদরোগে আক্রান্ত হন অধ্যাপক রাকিবুল। গত বৃহস্পতিবার সকালে তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর সংবাদে পেয়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী হাসপাতালে ভিড় জমান। সেখানে এক হূদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মাহবুবর রহমান জানান, গত বুধবার রাতে ডা. লিটুর ‘ম্যাসিভ’ হার্ট অ্যাটাক হয়। তখন থেকেই তার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিল। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু দুপুরের দিকে ডা. লিটু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, অধ্যাপক রাকিবুল স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ডা. লিটুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি -জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। গতকাল এক শোক বার্তায় তিনি ডা. রাকিবুল ইসলাম লিটুর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি অপর এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ডা. রাকিবুল ইসলাম লিটু জড়িত ছিলেন বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে। পরিচিতি পেয়েছিলেন গরিবের ডাক্তার হিসেবেও। তিনি উত্তরা লুবানা হসপিটালের স্বত্বাধিকারী। এ ছাড়া পেসেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গতকাল শুক্রবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দিনব্যাপী একটি অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথাও ছিল। সেখানে গরিব রোগীদের বিনামূল্যে চিকিত্সা দেয়ার কথা ছিল তার।