শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা রোধে ইতিমধ্যে রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং বান্দরবানে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু খাগড়াছড়ি পার্বত্য জেলায় এখন পর্যন্ত উচ্চশিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই। খাগড়াছড়ি সরকারি কলেজে কিছু অনার্সের বিষয় থাকলেও তার আসন সংখ্যা শিক্ষার্থীদের অনুপাতে অপ্রতুল। খাগড়াছড়িতে শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা রোধে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষিভিত্তিক এ জেলার বিকাশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা একান্ত প্রয়োজন। এখানকার কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে স্থানীয়দের অনাগ্রসরতা অনেকাংশে দূর হয়ে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ব্যাপকভাবে বিকশিত হবে। এর মাধ্যমে আলোকিত হবে পাহাড়, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি এবং এগিয়ে যাবে সোনার বাংলাদেশ।
সাদিক কায়েম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
