তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বিএনপির উদ্দেশে বলেছেন, ‘সীমান্ত হত্যার কথা বলে কালো ব্যাজ ধারণ পরিহার করে মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক ও এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা যাতে একেবারেই শূন্যের কোটায় নেমে আসে সেজন্য আমাদের সরকার চেষ্টা করছে এবং মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের দল ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা। সত্য বলার অপরাধে তাকে শোকজ করা হয়েছে। লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নাহিম রাজ্জাক এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ।
