পুলিশ সুপারদের ‘রোলমডেল’ হতে হবে :আইজিপি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:১৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ সুপারদের (এসপি) অনুকরণীয় ‘রোলমডেল’ হতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে। রবিবার রাতে পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষ শাপলায় ১৩টি জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এসব  কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে  মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদের তা দেখিয়ে দিয়েছে। ড. বেনজীর আহমেদ বলেন, আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। তিনি বলেন, ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার পদায়নকৃত ১৩টি জেলার মধ্যে কুড়িগ্রাম, রাঙ্গামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল রয়েছে।