দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৪

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রবিবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে পাঁচটি পৌরসভায় মেয়র পদে ১৮, সাধারণ কাউন্সিলর ২৫৯ ও মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর পৌরসভা মেয়র পদে তিন জন, কাজীপুরে তিন জন, রায়গঞ্জে চার জন, উল্লাপাড়ায় পাঁচ জন এবং বেলকুচিতে তিন জন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ ও সংরক্ষিত মহিলা পদে ৮৫ জন স্ব স্ব উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন।

সৈয়দপুর (নীলফামারী) :সৈয়দপুরে মেয়র পদে ছয় জন, সাধারণ আসনে ৯৩ জন, সংরক্ষিত আসনে ২১ জন নারী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল কবির জানান, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ইভিএমে নির্বাচন হবে আগামী ১৬ জানুয়ারি।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) :নাগেশ্বরীতে মেয়র পদে দুই জন স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়ন জমা দিয়েছেন ছয় জন। এছাড়াও ওয়ার্ড কমিশনার পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে মনোনয়নপত্র জমা দেন ১২ জন প্রার্থী।