রাজশাহীতে সোয়া ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ২

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৫

রাজশাহীতে চার কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের চালানটি র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের দল জব্দ করে। র্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। তাদের কাছে ৩৯টি প্যাকেটে থাকা চার কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা। আটকরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।