এক মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৫

টানা তিন কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে লেনদেনের পরিমাণ বড় অঙ্কে বেড়েছে। এতে এক মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৫ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৪৬টি এবং ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ২ লাখ টাকা। এর আগে গত ১৫ নভেম্বর ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়। এর পর আর বাজারটিতে ১ হাজার ১০০ কোটি টাকার লেনদেন হয়নি। সেই হিসাবে সোমবার এক মাস ছয় দিনের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বড় অঙ্কের এই লেনদেনের দিনে টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো শেয়ার। কোম্পানিটির ৮৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৬ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৫৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইনসিওরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আইএফআইসি ব্যাংক, রূপালি ইনসিওরেন্স, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং জেএমআই সিরিঞ্জ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।