ক্রেতাকে ভুয়া ভ্যাটের চালান ভ্যাট গোয়েন্দার হানা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৮

ক্রেতার কাছ থেকে ভ্যাটের অর্থ আদায় করা হলেও তা সরকারের ঘরে জমা না দিতে ক্রেতাকে দেওয়া হলো ভুয়া ভ্যাটের (মূল্য সংযোজন কর) চালান। মি. মানিক ফুড নামে রাজধানীর উত্তরায় ঐ ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে বিল দিতে গিয়ে ক্রেতা কাউন্টারে ভ্যাটের চালান চান; কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা না দিয়ে ভিন্ন একটি চালান ভ্যাটের চালান বলে ক্রেতার হাতে ধরিয়ে দেয়। ক্রেতা ভ্যাট গোয়েন্দা বিভাগের কাছে অভিযোগ করার পর অভিযান চালিয়ে আলোচ্য বিক্রীত পণ্যে ভ্যাট ফাঁকির অভিযোগ পায়। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের নথিপত্র জব্দ করে এ ধরনের আরো বহু ফাঁকির প্রাথমিক প্রমাণও পেয়েছে। ভ্যাট গোয়েন্দা বিভাগ সূত্র জানিয়েছে, কর্মকর্তারা ফুডপান্ডা ও সহজের সিস্টেম থেকে যাচাই করে দেখতে পান যে, গত ছয় মাসে প্রতিষ্ঠানটি কেবল অনলাইনে গড়ে প্রায় ৫ লাখ টাকার খাবার সরবরাহ করেছে। এর বাইরেও তাদের প্রচুর বিক্রয় রয়েছে। অভিযোগ রয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারের ঘরে জমা দেয় না। সম্প্রতি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানো শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতা সচেতন হলেই কেবল ভ্যাট ফাঁকি বন্ধ করা সহজ হবে।